
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে বহেড়াতৈল লঞ্চ ঘাটে নজরুল ইসলাম নবু নামের এক আওয়ামী লীগ নেতার চাঁদাবাজি বন্ধে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সামনে তারা এ মানববন্ধন করা হয়। অভিযুক্ত নজরুল ইসলাম নবু উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এসময় স্থানীয় ঈদগাঁ মাঠের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, চাঁন মামুদ আলী ও সবুজ মিয়াসহ অনেকেই বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বহেড়াতৈল লঞ্চ ঘাটে প্রায় অর্ধশত লঞ্চ ও নৌকা রয়েছে। প্রতিটি নৌকা ও লঞ্চ থেকে কোনও প্রকার রশিদ ছাড়াই ভর্তি বাবদ এক হাজার টাকা করে চাঁদা নেয়া হয়েছে। এছাড়াও নৌকা ও লঞ্চ প্রতি প্রতিদিন ২শ’ থেকে ৩শ’ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম নবুর নেতৃত্বে রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে তার সাঙ্গ পাঙ্গরা এ চাঁদাবাজি করছে বলে বক্তারা জানান। বক্তারা অবিলম্বে চাঁদাবাজি বন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম নবু বলেন, ‘লঞ্চ ঘাটটি পরিচালনার জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আমি এ কমিটির আহবায়কের দায়িত্বে রয়েছি। কমিটির একটি কপি ইউএনও’র কার্যালয়ে জমা দিয়েছি। ঘাট চালানোর জন্য সামান্য কিছু টাকা তোলা হচ্ছে।’
…বাসাইলসংবাদ/ ০৪ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




