
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীসহ বিভিন্ন নদ-নদীতে পানি কমতে শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় ঝিনাই নদীতে ১৩ দশমিক ১৪ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বংশাই নদীতে ৯ দশমিক ৯৭ সেন্টিমিটার পানি কমে বিদৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় যমুনা নদীতে ৫ সেন্টিমিটার পানি কমেছে। বর্তমানে এ নদীতে বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের পানি বিজ্ঞান শাখা কর্মকর্তা রেজাউল করিম এ তথ্যটি জানিয়েছেন।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ৬৭ হাজার দুইশ’ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এদের মধ্যে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয় ও ঝনঝনিয়া কলেজে প্রায় এক হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। আমরা ২০ মেট্টিকটন চাল বরাদ্দ পেয়েছিলাম। পরে স্থানীয় চেয়ারম্যানদের মাধ্যমে বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়।

এদিকে সরকারী হিসেবে ৬৭ হাজার দুইশ’ জন মানুষ পানিবন্দি দেখালেও চিত্রটা একটু ভিন্ন। খোঁজ নিয়ে জানা যায়, বাসাইল পৌরসভা, বাসাইল সদর, কাউলজানী, ফুলকী, কাশিল, কাঞ্চনপুর ও হাবলা ইউনিয়নে প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এসব মানুষ। এছাড়াও গবাদি পশু নিয়ে তারা পড়েছেন চরম বিপাকে।

অপরদিকে পানিবন্দি মানুষের সংখ্যা হিসেবে এ উপজেলায় ত্রাণের পরিমাণ কম হয়েছে বলে সচেতন মহলের দাবি।
…বাসাইলসংবাদ/ ০৪ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




