
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে মাদক মামলায় রিপন তালুকদার নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাতে পৌর শহরের উপজেলা রোডের জেলখানা মোড় এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রিপন তালুকদার উপজেলার গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। এঘটনায় তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।
সখীপুর থানার এসআই বদিউজ্জামান বলেন, ‘রিপন তালুকদারের নামে মাদক মামলাসহ দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সে একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
উপজেলা যুবলীগের আহবায়ক এমএ সবুর বলেন, ‘মাদক মামলায় গ্রেফতারকৃত গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদার মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’
বাসাইলসংবাদ/একেবি




