
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা ইউসিসিএ লিমিটেড (বিআরডিবি)’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) স্থানীয় ইউসিসিএ লিঃ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কেবিএম রুহুল আমীন ১’শ ২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক মিয়া পেয়েছেন ১’শ ১৩ ভোট। একটি ব্যালটে দুই প্রার্থীকেই ভোট দেওয়ার সে ভোটটি বাতিল করা হয়েছে।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম কেবিএম রুহুল আমীনকে বিজয়ী ঘোষণা করেন। এর আগে গত ৪ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান পদে এম সাইফুল ইসলাম শাফলুকে বিজয়ী ঘোষণা করেন। চেয়ারম্যান পদের দুজন প্রার্থীই আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা দুইভাগে বিভক্ত হয়ে ওই দুই প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালান। ফলে নির্বাচনকে ঘিরে ভোটার ও সাধারণ জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়।
বাসাইলসংবাদ/একে




