
বাসাইলসংবাদ: বুধবার, ২০ জুন, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরার নির্দেশে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।
জানা যায়, ওই দিন থেকেই উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের আবদুস ছামাদ মিয়ার ছেলে প্রবাসী আল-আমীনের (২৮) সঙ্গে ওই এলাকার ব্যবসায়ী দুলাল হোসেনের মেয়ে মিতু আক্তারের ধুমধামে বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ ও ইউপি সদস্য মেযবাহ উদ্দিনের সহযোগিতায় ওই দিন সন্ধ্যায় বাল্যবিয়েটি বন্ধ করার নির্দেশ দেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, ‘মিতু আক্তার বড়চওনা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তার বয়স ১৮ বছর না হওয়ায় বর-কনের অভিভাবকদের মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে। আর মিতুও এখন থেকে নিয়মিত স্কুলে যাবে।’
বাসাইলসংবাদ/একে




