
বাসাইলসংবাদ: শুক্রবার, ০২ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥ টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ ব্যবসায়ী আক্কাস আলীকে (২৮) জীবিত ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। শুক্রবার (০২ আগস্ট) দুপুরে সখীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানা যায়, গত ২৫ জুন উপজেলার কৈয়ামধু গ্রামের জবেদ আলীর ছেলে সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী আক্কাস আলী দেশে আসেন। আসার সময় তার প্রবাসী বন্ধু এছাক আলী কিছু জিনিসপত্র দিয়ে দেন। ২৬ জুন সকালে এসব জিনিস বন্ধু এছাকের গ্রামেরবাড়ি দেলদুয়ার উপজেলার বরটিয়া গ্রামে পৌঁছে দিতে আক্কাস বাড়ি থেকে বের হন। কিন্তু এছাকের ভাই বিপ্লব মুঠোফোনে আক্কাসকে জিনিসপত্র নিয়ে বাড়িতে না এসে করটিয়ার ভাতকুড়া বাইপাসে থাকতে বলেন। এরপর থেকেই আক্কাসের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ একমাস সাতদিন পেরিয়ে গেলেও আক্কাস আর বাড়ি ফিরেনি।
বিপ্লবের কথা অনুযায়ী আক্কাস জিনিসগুলো ভাতকুড়া বাইপাসে তার কাছে দিয়ে মির্জাপুরের উদ্দেশ্যে বাসে ওঠেন। পুলিশ বলছে ভাতকুড়া বাইপাসই আক্কাসের মুঠোফোনের সর্বশেষ অবস্থান।
সংবাদ সম্মেলনে আক্কাসের বাবা জবেদ আলী বলেন, ছেলেকে না পেয়ে গত ৯ জুলাই টাঙ্গাইল সদর থানায় অভিযোগ করেছি। এখন মনে হচ্ছে ওই বিপ্লবই পূর্বপরিকল্পিত ভাবে আমার ছেলেকে অপহরণ করেছে।
বাসাইলসংবাদ/একেবি




