
নিজস্ব প্রতিবেদক, সখীপুর :টাঙ্গাইলের সখীপুরে মামলার স্বাক্ষী দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী ও তার পরিবারকে এক ঘরে করে রাখার প্রতিবাদে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন ওই ভুক্তভোগী পরিবার। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সখীপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়। ওই বীরমুক্তিযোদ্ধা পৌর আওয়ামী লীগের সম্মানিত সদস্য। মুজিব কলেজ মোড় মসজিদ কমিটির সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক সোহেল রানার বিরুদ্ধে দায়ের করা এক মামলায় ওই বীর মুক্তিযোদ্ধা প্রত্যক্ষদর্শীর স্বাক্ষী দেন। এরপর থেকেই পরিবারিটিকে তারা একঘরে করে রাখে।

অনশনকালে ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা তোরাব আলী জানান, প্রায় ৯ মাস আগে মুজিব কলেজ মোড় মসজিদ কমিটির সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক সোহেলসহ কয়েকজন স্থানীয় বখাটের নামে হাসিনা আক্তার নামের এক নারীর ঘর ভাংচুর ও নির্যাতন করার মামলা হয়। ওই মামলায় পুলিশ সরেজমিনে তদন্তকালে বীর মুক্তিযোদ্ধা তোরাব আলী প্রত্যক্ষদর্শীর সাক্ষী দিলে ফরিদ ও তার বাহিনী মিলে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলা চালায়। পরে ৯৯৯ ফোন করে সখীপুর থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। পরবর্তীতে মুক্তিযোদ্ধা তোরাব আলী হামলাকারীদের বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে (সিআর-৪৪২) মামলা করেন । গত নয় মাস ধরে ওই মসজিদ কমিটির সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক সোহেল রান বীরমুক্তিযোদ্ধা তোরাব আলী ও তার পরিবারকে একঘরে করে রেখেছেন। সমাজ হিসেবে কোরবানির গোসতও দেওয়া হয়নি তাদের। তাদের ভয়ে সমাজবাসী ওই পরিবারটির সঙ্গে সকল ধরনের লেনদেন বন্ধ করে দিয়েছে।
ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা তোরাব আলী বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মুক্তিযোদ্ধার ভাতা না দিতেন তাহলে আমার পরিবার না খেয়ে মরতে হতো। মাননীয় এমপি, পৌর মেয়র ও সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বারবার বিচার চেয়েছি, কোন প্রতিকার পাইনি। বাধ্য হয়ে আমার পরিবারকে নিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছি।’
অভিযুক্ত শেখ ফরিদ বলেন, ওই বীরমুক্তিযোদ্ধার সকল অভিযোগ মিথ্যা। তাকে একঘরে করে রাখা হয়েছে বিষয়টি সত্য নয়। সমাজের একাধিক ব্যক্তির নামে মিথ্যা মামলা করায় সমাজবাসী তাকে সমাজচ্যুত করেছেন।
সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, বিষয়টি পৌর মেয়রকে জানানো হয়েছে। আশা করছি এর একটি সুষ্ঠু সমাধান করা হবে।
পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন, ওই মুক্তিযোদ্ধা ও তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেই বিষয়টি সমাধান করা হবে।
বাসাইলসংবাদ, ০২ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




