
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তার স্ত্রী ও এক শিক্ষক নিহত হয়েছে। এঘটনায় আরো দুইজন আহত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার হরিপুর গ্রামের নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেনের স্ত্রী নুসরাত জাহান হিমু (৩০)। তার স্বামী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা। নিহত অপরজন হলেন, গোপালপুর উপজেলার চরচতিলা মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও উত্তর বিলডোবা গ্রামের মৃত নঈম আলী মন্ডলের ছেলে সাইফুল ইসলাম (৫৫)।
জানা গেছে, নিহত হিমু শাশুরি ফরিদা বেগমকে চিকিৎসক দেখানোর জন্য ঘাটাইল থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে টাঙ্গাইল যাচ্ছিলেন। অপরদিকে শিক্ষক সাইফুল ইসলামও চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন। তাদের বহনকরা অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌছালে উত্তরবঙ্গগামী যাত্রীবাহি বাসের সাথে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে শিক্ষক সাইফুলের মৃত্যু হয়। এসময় গুরুত্বর আহত হন হিমু ও তার শাশুড়ি ফরিদাসহ তিনজন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। এতে হিমুর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার নেয়ার পথে হিমুর মৃত্যু হয়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
বাসাইলসংবাদ, ০২ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




