
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে অপহরণের দুই দিন পর সামিয়া (৯) নামের এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাড়িয়াপুর উত্তরপাড়ায় শিশুটির বাড়ির কাছের একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সামিয়া ওই গ্রামের রঞ্জু মিয়ার মেয়ে এবং দাড়িয়াপুর মাঝিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা রঞ্জু মিয়া বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন।

জানা গেছে, বুধবার সকাল ৭টায় ওই ছাত্রী বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথের কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়া শেষ হলে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়। পথে একটি দোকানে সহপাঠীরা কেনাকাটা করতে দাঁড়ালে সে একাই বাড়ির উদ্দেশে রওনা হয়। এদিকে বাড়ি ফিরতে বিলম্ব হওয়ায় মা রুপা বেগম শিক্ষককে ফোন দিয়ে জানতে পারেন তার মেয়ে অনেক আগেই চলে গেছে। পরে মা মেয়েকে খুঁজতে বের হলে বাড়ির কাছাকাছি একটি স্থানে মেয়ের ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পর তার মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি অডিওবার্তা আসে। অডিওবার্তায় বলা হয়, আসসালামু আলাইকুম। আপনার মেয়ে ভালো আছে টাঙ্গাইলে আছে, আজকের মধ্যে পাঁচ লাখ টাকা দিলে মেয়ে পাবেন। বিষয়টি পুলিশ ও এলাকার কাউকে জানাবেন না। জানালে আপনার মেয়ের ক্ষতি হবে।
দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বুধবার শিশুটিকে অপহরণ করে। এরপর শিশুটির পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। মনে হচ্ছে- টাকা না দেওয়ায় শিশুটিকে হত্যা করে তারা।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ চলছে।
বাসাইলসংবাদ, ০৮ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




