
ক্রীড়া ডেস্ক : করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফর স্থগিত হয়ে গিয়েছিল গত জুনে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ পুনর্নির্ধারিত হয়েছে। আগের দিন এক সভা শেষে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, শ্রীলংকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৩ কিংবা ২৪ সেপ্টেম্বর রওনা দেবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

জাতীয় দলের সঙ্গে হাইপারফরম্যান্স দলও শ্রীলংকা সফরে যাবে। জাতীয় দলকে সহায়তা করবে তারা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২৪ অক্টোবর থেকে। তিন ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও যুক্ত হওয়ার গুঞ্জন ছিল। অবশেষে জানা গেল শ্রীলংকা সফরে শুধু তিন ম্যাচের টেস্ট সিরিজই খেলবে টাইগাররা। তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে একটি ম্যাচ কমিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দেয় শ্রীলংকা ক্রিকেট।
কিন্তু একটি টেস্ট ম্যাচ কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী নয় বিসিবি। শ্রীলংকা সফরে যে শুধু টেস্ট ক্রিকেট খেলবে বাংলাদেশ, এ বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন আকরাম খান। তিনি জানান, শ্রীলংকার বিপক্ষে যে টি-টোয়েন্টি সিরিজ হবে, সেটার নিশ্চয়তা কোনো সময়ই ছিল না। তবে টেস্ট ক্রিকেটের পাশাপাশি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছিল বিসিবি।
জবাবে শ্রীলংকা ক্রিকেট বোর্ড একটি টেস্ট ম্যাচ কমিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলার আগ্রহ দেখায়। কিন্তু বিসিবি তিন ম্যাচের টেস্ট সিরিজই খেলতে চায়। কেননা আইসিসি বিশ^চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। তাই টেস্ট ক্রিকেটের পাশাপাশি টি-টোয়েন্টি খেলা হচ্ছে না টাইগারদের। আকরাম খান আরও জানান, আইসিসি টেস্ট র্যাংকিংয়ের বিষয়টিও মাথায় রাখতে হবে। এ জন্য টি-টোয়েন্টির চেয়ে টেস্ট ক্রিকেটই বেশি গুরুত্বপূর্ণ। এ জন্য তিন ম্যাচের সিরিজ থেকে একটি টেস্ট ম্যাচ কমিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি নয় বিসিবি।
করোনা-পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মাধ্যমে। এর পর পাকিস্তান, আয়ারল্যান্ডের বিপক্ষেও খেলেছে ইংলিশরা। বাংলাদেশের ক্রিকেটাররা কবে মাঠে ফিরবেন, এ নিয়ে আগ্রহের কমতি ছিল না ক্রিকেটপ্রেমীদের। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যে সীমিত আকারে দেশে খেলাধুলা আয়োজনের অনুমতি দিয়েছে সরকার।
তবে ঘরোয়া ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেটের মাধ্যমেই আবারও ব্যাট-বলের লড়াইয়ে ফিরছেন ক্রিকেটাররা। এরই মধ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ নিশ্চিত হয়েছে। দুই দেশের ক্রিকেটাররাই খেলার জন্য মুখিয়ে রয়েছেন। শ্রীলংকা সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন টাইগাররা। ব্যক্তিগত একক অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মুমিনুল-মুশফিকরা। দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর ফিটনেসের পাশাপাশি স্কিল নিয়ে কাজ করছেন তারা।
শ্রীলংকা সফর সামনে রেখে আগামী সেপ্টেম্বরে ক্রিকেটারদের ক্যাম্প শুরু হবে। প্রস্তুতি ক্যাম্প হতে পারে ১০ থেকে ১৪ সেপ্টেম্বর। প্রস্তুতি ক্যাম্পের আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য বিধি মেনে প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন খেলোয়াড়রা। করোনা-পরবর্তী নতুন করেই ক্রিকেট শুরু করতে হবে টাইগারদের। দীর্ঘ দিন মাঠের লড়াইয়ে ছেদ পড়েছে। তাই নিজেদের ফিরে পাওয়ার চ্যালেঞ্জও তাদের সামনে।
…বাসাইলসংবাদ/ ১৪ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




