
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৬এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর ॥
টাঙ্গাইলের সখীপুরে হতদরিদ্র বাছেদ মিয়াকে রড দিয়ে পিটিয়ে ও মাথা ফাটিয়ে তার শেষ সম্বল একটি অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ধার-দেনা ও একটি গাভী বিক্রি করে মাত্র কয়েক মাস আগে এই অটোরিকশাটি কিনেছিলেন তিনি। তিনি উপজেলার প্রতিমা বংকী গ্রামের বাসিন্দা।
জানা যায়, বাছেদ মিয়ার চার সন্তানসহ ছয় সদস্যের অভাব অনটনের সংসারের তার। এ পরিবারের তিনিই উপার্জক্ষম ব্যক্তি। তিনি এই অটোরিকশাটি চালিয়ে কোনও রকমে সংসার চালাতেন। গত সোমবার সন্ধ্যায় ৩শ’ টাকা ভাড়া ঠিক করে তিন যুবককে নিয়ে উপজেলার বাঁশতৈল পেকুয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। অটোরিকশাটি নিয়ে তক্তারচালা এলাকায় পৌঁছালে ওই তিন যুবক মিলে তাকে রড দিয়ে পিটিয়ে ও মাথা ফাটিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। আশেপাশে কোনও লোকজনা না থাকায় রাস্তা দিয়ে মালবাহী একটি ট্রাক যাওয়ার সময় তাকে দেখে লোকজনকে খবর দেয়। স্থানীয়রা তাকে সখীপুরের একটি ভ্যানে তুলে দিয়ে তার পরিবারকে বিষয়টি জানান। ঘটনাটি পুলিশকে জানানোর মতো কোন লোকজনও নেই তার। বর্তমানে তিনি গুরুতর আহত হয়ে উপজেলার আল-ইহ-সান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাছেদ মিয়া বলেন, ‘আমার পরিবারের সদস্যরা চার দিন ধরে কী খায়, কীভাবে চলছে একমাত্র আল্লাহ তায়ালা জানে। আমার বড় মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে। এক ছেলে ও এক মেয়ে স্কুলে যায়। আরও এক ছেলে দেড় বছর বয়স। এখন আমি কীভাবে সংসার চালাবো কিছুই বুঝতাছিনা।’
বাছেদের এসএসসি পরীক্ষা দেয়া মেয়েটি বলেন, আমাকে লেখা পড়া করানোর বাবার অনেক স্বপ্ন। আমার আর লেখা পড়া হবে না হয়তো, এখন আমাদের পারিবারের কী উপায় হবে?
স্থানীয়রা জানায়, বাছেদ মিয়ার জমিজমা নেই বললেই চলে। পালের গাভী বিক্রি ও ধার-দেনা করে এই অটোরিকশাটি ক্রয় করেছিলো তিনি। শেষ সম্বলটি ছিনিয়ে নেয়ায় তিনি ও তার পরিবারের সকল সদস্যরা দিশেহারা হয়ে পড়েছে।
স্থানীয়রা আরও জানান, এখন অটোরিকশা কিনার মতো তার কাছে টাকা নেই। যদি কোন হৃদয়বান ব্যক্তি তাকে একটি অটোরিকশা কিনে দিতেন তাহলে তার পরিবার ভালোভাবেই চলতো।
বাসাইলসংবাদ/একেবি




