
বাসাইলসংবাদ: সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৯:

নিউজ ডেস্ক : শেখ কামাল মেমোরিয়াল ফার্স্ট সার্ক স্লুকার চ্যাম্পিয়নশিপ-২০১৯-এর বিজয়ী হয়েছেন পাকিস্তানের আশজাদ ইকবাল। টুর্নামেন্টের ফাইনালে তিনি স্বদেশি মোহাম্মাদ বিলালকে হারিয়েছেন।
গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে আয়োজিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় সালমান ফজলুর রহমান বলেন, বর্তমান সরকার খেলাধুলাবান্ধব। প্রতিটি খেলাকে তারা সমান গুরুত্ব দিচ্ছে। এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ খেলোয়াররা উৎসাহিত হবে এবং খেলাটি সারা দেশে ছড়িয়ে দিতে সাহায্য করবে।
পুরস্কার হিসেবে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন খেলোয়ার পাকিস্তানের আশরাদ ইকবাল পেয়েছেন ২ হাজার ৫০০ মার্কিন ডলার। দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মাদ বিলাল পেয়েছেন ১ হাজার ৫০০ মার্কিন ডলার। তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকারী প্রত্যেকে ৫০০ মার্কিন ডলার করে পেয়েছেন। টুর্নামেন্টে বাংলাদেশের ৪ জনসহ মোট ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, বেক্সিমকো গ্রুপের পৃষ্ঠপোষকতায় ঢাকা ক্লাব ও বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের আয়োজিত এ টুর্নামেন্ট গত ১ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হয়েছিল। বাংলাদেশ ছাড়াও এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকা। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিল ইম্প্যাক্ট পিআর।
বাসাইলসংবাদ/একেবি




