
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৩, জুলাই, ২০১৮:

॥ মোজাম্মেল হক সজল ॥
চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইউএনও মো. শফিকুল ইসলামের মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা প্রশাসন। সোমবার (০২ জুলাই) সন্ধ্যায় সখীপুর উপজেলা মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌসসহ উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী বলেন, শফিকুল ইসলাম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৮ তম ব্যাচের সদস্য ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন সৎ, বিনয়ী ও কর্মঠ মানুষ ছিলেন। আমি এবং শফিকুল ইসলাম একই ব্যাচের ছিলাম।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসাইলসংবাদ/একে




