
অনলাইন ডেস্ক : চীনের করোনা ভাইরাসে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। ইতোমধ্যেই ভাইরাসটি চীনের সীমানা ছাড়িয়ে আক্রমণ করেছে অন্যান্য দেশে। শুধু শনিবারই (২৫ জানুয়ারি) ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা একলাফে ২৬ থেকে হয়ে গেছে ৪১। খবর রয়টার্সের।

এছাড়াও বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত অন্তত ১৩`শ জনকে সনাক্ত করা হয়েছে। চীনের একটি স্থানীয় সংবাদমাধ্যম এসব তথ্য দিয়েছে। এমনকি, সংবাদসূত্রে জানা গেছে, চিকিৎসা করতে গিয়ে উহান প্রদেশের একজন চিকিৎসকও ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
`করোনা` ক্রমেই মহামারীর আকার ধারণ করছে। চীনের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রোগটি ইতোমধ্যেই চীনের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত অন্তত ১৩`শ জন রোগী সনাক্ত করা গেছে। ফলে, ভাইরাসটির প্রকোপ ঠেকাতে বেশ হিমশিম খেতে হচ্ছে।
শনিবার চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক এর একটি টুইটবার্তা থেকে জানা যায়, চিনের উহানে লিয়াং উডং নামে একজন ৬২ বছর বয়স্ক চিকিৎসক করোনা সংক্রমণে মৃত্যুবরণ করেছেন। প্রসঙ্গত, এই উহান প্রদেশেই ভাইরাসটির প্রাদুর্ভাব প্রথম শুরু হয়েছিল।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের শনিবারের বিবৃতি অনুযায়ী, চীনে এখন পর্যন্ত ১২`শ ৮৭ জন `করোনা ভাইরাস` দ্বারা আক্রান্ত হয়েছেন।
চীন ছাড়াও থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন।
ভারত ও বাংলাদেশে করোনা ভাইরাস সম্পর্কিত সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিদেশ ফেরত যাত্রীদের ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে।
…বাসাইলসংবাদ/২৫ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




