
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ০৮ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখন পর্যন্ত যানজটের সৃষ্টি হয়নি। ফলে স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের বিভিন্ন এলাকা ঘুরে কোথাও যানজট লক্ষ্য করা যায়নি।
অন্যান্য বছর ঈদের ছুটি শুরু হওয়ার আগেই অতিরিক্ত যানবাহনের চাপে এই সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হতো। এমনকি রাতে ঢাকা থেকে রওনা হয়ে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত পৌঁছাতে সকাল হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ঈদযাত্রায় এখন পর্যন্ত মহাসড়কের টাঙ্গাইল অংশে যানজটের সৃষ্টি হয়নি। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে। তবে বিকাল থেকে গাড়ির চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। যানজট নিরসনে পুলিশ সার্বোক্ষণিক কাজ করছে।
বাসাইলসংবাদ/একেবি




