
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে যমুনা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের মালতীপাড়া, গয়রাগাছা, গন্ধবপুর ও কাজী বাজার এলাকার যমুনা নদীতে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে নদীপাড়ে মানুষের ঢল নামে।

প্রতিযোগিতায় প্রথম আলো, সোনার বাংলা, সোনারতরী, যমুনারতরীসহ বিভিন্ন রংবেরঙের ৪৫টি নৌকা অংশগ্রহণ করে। এদের মধ্যে ভূঞাপুরের সোনারতরী নৌকা প্রথম স্থান অধিকার করে।
হুগড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত বাইচে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা।
হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা বলেন, ‘বর্ষাকালে চরাঞ্চলের মানুষকে একটু আনন্দ দিতে প্রতিবছরই এ নৌকা বাইচের আয়োজন করা হয়। এতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ একটু হলেও আনন্দ পায়। এ ধরণের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
বাসাইলসংবাদ/ ২০ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




