
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার দুস্থ, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ১শ’ পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন- বাসাইল পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, আওয়ামী লীগ নেতা সোহানুর রহমান সোহেল, রফিকুল ইসলাম সংগ্রাম প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, ‘ভৌগলিকভাবে বাসাইল একটি বন্যা প্রবন এলাকা। এবারের বন্যায় উপজেলার বিভিন্নস্থানে মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। সরকারের পক্ষ থেকে পানিবন্দি অসহায় কর্মহীন মানুষের জন্য ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। যা পরবর্তীতেও অব্যাহত থাকবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন বলেন, ‘দুস্থ ও কর্মহীন মানুষের পাশে রয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। আজ বাসুলিয়ায় ১শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এছাড়াও ৩৩৩ নম্বরে কল দিলেও আমাদের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।’
বাসাইলসংবাদ/ ২০ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




