
ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের হ্যাটট্রিক করল ভারত। প্রথমে টেস্ট সিরিজ জয়। এরপর টি–টোয়েন্টি সিরিজ ও একদিনের সিরিজেও জয় এল। রবিবার পুনেতে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ ভারত জিতে নিয়েছে ৭ রানে। যদিও সিরিজ জয়ের পর বেশ অবাক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি বিস্মিত হয়ে যান, বিশেষজ্ঞদের বেছে নেওয়া ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ পুরস্কার নিয়ে।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্যাম কারেনকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেয়া হয়। আর সিরিজে সবচেয়ে বেশি রান করা জনি বেয়ারস্টোকে ম্যান অব দ্য সিরিজ বাছাই করা হয়৷ বিরাট কোহলির মত, ম্যান অব দ্য ম্যাচ শারদুল ঠাকুরকে এবং ভুবনেশ্বর কুমারকে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার দেওয়া উচিত ছিল৷
ম্যাচের পর বিরাট কোহলি বলেন, ‘আমি বিস্মিত শারদুল ঠাকুর ম্যান অব দ্য ম্যাচ আর ভুবনেশ্বর কুমার ম্যান অব দ্য সিরিজ নন৷ তারা দুজন খারাপ সময়ে দারুণ বোলিং করেছেন৷ প্রসিধ কৃষ্ণা এবং ক্রুনাল পান্ডিয়াও প্রভাব ফেলেছে।’
শারদুল ঠাকুর শেষ একদিনের ম্যাচে ৪ উইকেট নেন৷ ভুবনেশ্বর কুমার ১০ ওভারে ৪২ রান দিয়ে ৩ উইকেট পান৷
সিরিজের তিন ম্যাচের দুটিতেই ইংল্যান্ড ৩০০’র বেশি রান করেছে। আর ভারত তিনটি ম্যাচেই ৩০০’র বেশি রান তুলেছে। যার অর্থ এই পিচ ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য ছিল৷ এই অবস্থায় একজন বোলার ২৯ ওভারে ১৩৫ রান দিয়ে ৬ উইকেট পান৷ ভুবনেশ্বর কুমারের ইকোনোমি রেট ৪.৬৫ ছিল৷ অন্যদিকে শারদুল ঠাকুর সিরিজে সবচেয়ে বেশি ৭ উইকেট পান।
বাসাইলসংবাদ/ ২৯ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




