
অনলাইন ডেস্ক : মিয়ানমার সীমান্তবর্তী রাজ্য কারেনে জাতিগত বিদ্রোহীদের দমনে বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। এরপরই এসব এলাকা থেকে থাইল্যান্ডে পালিয়ে গিয়েছেন তিন হাজার গ্রামবাসী। সম্প্রতি একটি সেনা চৌকিতে সশস্ত্র বিদ্রোহীরা হামলা চালালে তার প্রতিউত্তরে এই বিমান হামলা চালানো হয়।
কারেন উইমেনস অর্গানাইজেশন রবিবার জানিয়েছে, সামরিক বাহিনী পূর্ব সীমান্তের নিকটে মুত্রা জেলার পাঁচটি অঞ্চলে বিমান হামলা চালিয়েছে। খবর আল জাজিরার

সংগঠনটি বলেছে, বিমান হামলার সময় গ্রামবাসী জঙ্গল ও পাহাড়ের ঢালে লুকিয়ে প্রাণ বাঁচান। এরপর তিন হাজারের মতো মানুষ শরণার্থী হিসেবে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ড চলে যান। আরও অনেক মানুষ জঙ্গলে লুকিয়ে রয়েছে। আমরা সেনা সরকারের অব্যাহতির জন্য আন্তর্জাতিক গোষ্ঠীর সহায়তা চাচ্ছি।
থাই পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস জানিয়েছে, থাইল্যান্ডে তিন হাজারের বেশি মানুষ মিয়ানমার থেকে আশ্রয় নিয়েছে। তবে থাই কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে শনিবার কারেন জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন কারেন ন্যাশনাল ইউনিয়ন দাবি করে, থাইল্যান্ড সীমান্তসংলগ্ন এলাকায় মিয়ানমারের একটি সেনাচৌকিতে হামলা চালিয়ে তারা ১০ জনকে হত্যা করেছেন। তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তাও রয়েছেন। হামলায় কারেন সংগঠনটিরও একজন সদস্য নিহত হন।
অভ্যুত্থানের পর গণতন্ত্রপন্থী বিক্ষোভে গুলি চালিয়ে ৪৫৯ জনকে হত্যা করেছে মিয়ানমারের সামরিক জান্তা। এই ঘটনায় বিশ্বের প্রভাবশালী দেশগুলো নিন্দা জানিয়েছে।
বাসাইলসংবাদ/ ২৯ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




