
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পে অধিগৃহীত ভূমি ও ভূমির উপরিস্থ স্থাপনা/অবকাঠামোর ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণের চেক নিজহাতে প্রদান করলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শহীদুল ইসলাম। বৃহস্পতিবার ( ১২ মার্চ) সকালে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা ভূমি অফিসের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ২৫ জনের হাতে ক্ষতিপূরণের প্রায় ১৬ কোটি টাকার চেক তুলে দেন তিনি।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারি কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, ‘সরকার ক্ষতিগ্রস্তদের কথা মাথায় রেখে নির্ধারিত মূল্যের চেয়ে ৩গুন বেশি অর্থ প্রদান করছেন যাতে এই টাকা দিয়ে ক্ষতিগ্রস্তরা নতুন করে বাড়িঘর নির্মাণ করে ভালভাবে জীবন যাপন করতে পারেন।’
সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হক, গোড়াই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া প্রমুখ।
…বাসাইলসংবাদ/ ১২ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




