
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে আগ ধল্যা এলাকার বিল থেকে রমজান (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ওই এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মির্জাপুর থানার এসআই নুরুল ইসলাম।

উদ্ধারকৃত ওই মৃত ব্যক্তি জামালপুর জেলার বকশিগঞ্জ থানার কনেকান্ধা এলাকার নূর সালামের ছেলে বলেও জানান তিনি।
তবে স্থানীয়দের ধারনা গত বুধবার ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়ার পর জনতার ধাওয়ায় যে ব্যক্তি পানিতে লাফিয়ে পড়েছিল লাশটি তারই হবে।
উল্লেখ্য, গত বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকার আগ ধল্যা নামক স্থানে একটি ব্যাটারী চালিত অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হন ছিনতাইকারীরা। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করলেও তাদের ধাওয়ায় এক ছিনতাইকারী বিলের পানিতে ডুব দিয়ে পালিয়ে যায়।
লাশটি উদ্ধারকারী এসআই নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ায় ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে লাশটি পালিয়ে যাওয়া ওই ছিনতাইকারীর কিনা সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান।
…বাসাইলসংবাদ/ ২৪ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




