
নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবে নিখোঁজের প্রায় ২৯ ঘণ্টা পর নীলিমা (১৭) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এলাংজানী নদীর নাগরপাড়া খেয়াঘাটের ১ কিলোমিটার ভাটি থেকে তার লাশ উদ্ধার করা হয়। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুর রাজ্জাক এতথ্যটি নিশ্চিত করেছেন।

নীলিমা উপজেলার মজদই গ্রামের আলম লস্করের মেয়ে ও উপজেলার নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্রী ছিলো।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে কলেজ ছুটির পর এক শিক্ষকসহ ৩০/৩২ জন শিক্ষার্থী নৌকাযোগে ওই নদী পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যান্য সাঁতরে তীরে উঠতে পারলেও নীলিমা নিখোঁজ হন। এ সময় কয়েকজন আহত হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও রবিবার সন্ধ্যার পর্যন্ত না পেয়ে অভিযান শেষ করে। পরে পুনরায় সোমবার ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আসলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সাথে যুক্ত হয়ে উদ্ধার অভিযান চালায়। এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলের ১ কিলোমিটার ভাটি থেকে ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।’




