
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে টাঙ্গাইলের মির্জাপুরের করোনা পরিস্থিতি। গত দুই দিনের ফলাফল অনুযায়ী উপজেলায় করোনা আক্রান্তের হার এখন শতকরা ৫০ শতাংশের অধিক।

রবিবার (১৪ জুন) নতুন করে আক্রান্ত হয়েছেন ১১জন। এছাড়া শনিবার আক্রান্ত হয়েছেন ৯ জন। সবমিলিয়ে দু’দিনে উপজেলায় নারী- পুরুষ ও শিশুসহ ২০ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। এদের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধা মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ১৩ জন। আক্রান্তের এই সংখ্যা জেলার অন্যান্য উপজেলাগুলোর তুলনায় সর্বাধিক।আর ৭৫ জনের মধ্যে গত ২০ দিনেই আক্রান্ত হয়েছেন ৫৭ জন। গত ৬ ও ৭ জুন সংগ্রহ করা ৩৯টি নমুনার মধ্যে ২০ জনের দেহেই করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত দুইদিনে নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর পৌর এলাকার ৬ জন, গোড়াই ইউনিয়নের ৬জন, বানাইল ইউনিয়নের ৩ জন, ভাওড়া ইউনিয়নের ২জন, ওয়ার্শী ইউনিয়নের ২ জন এবং ফতেপুর ইউনিয়নের ১ জন রয়েছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা মৃদুলুর রহমান। এর মধ্যে মির্জাপুরে নমুনা দেয়ার পর চার জন ঢাকায় ও একজন পাবনায় তার নিজ বাড়িতে চলে গেছেন বলে জানা গেছে। একজনের অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় তাকে টাঙ্গাইলে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
এদিকে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করায় কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ১৬টি মামলার বিপরীতে ১২ হাজার ৮শত টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ‘পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আমরা নতুন করে আমাদের করণীয় ঠিক করার জন্য মিটিং কল করেছি। ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে’
…বাসাইলসংবাদ/ ১৪ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




