
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : হু হু করে বেড়েই চলেছে টাঙ্গাইলের মির্জাপুরে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার ও শনিবার এই দুইদিনে আক্রান্ত হয়েছেন ১৩জন। আক্রান্তের মোট সংখ্যা এখন ৫০ ছুঁই ছুঁই। শনিবার (৬ জুন) নতুন করে যে ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু । তিনিই উপজেলার প্রথম জনপ্রতিনিধি যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ছাড়াও অন্যান্য শনাক্তরা হলেন, উপজেলার গোড়াই নাজিরপাড়া এলাকার বাসিন্দা এক আওয়ামী লীগ নেতা (৪০), পৌর এলাকার পোষ্টকামুরী গ্রামের বাসিন্দা (৪৯), মির্জাপুর বাজার এলাকার বাসিন্দা স্বামী-স্ত্রী (৩৫ ও ২৮), জামুর্কী ইউনিয়নের উফুল্কী গ্রামের বাসিন্দা (২৭), ভাওড়া ইউনিয়নের বাসিন্দা (৪৫), পাহাড়পুর এলাকার বাসিন্দা (৫৫)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, উপজেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৪৭ জন। দ্রুতই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। স্বাস্থ্যবিধি মেনে চলে আমাদের এটি মোকাবেলা করতে হবে।’
এদিকে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তিদের আশেপাশের প্রায় ১৮টি বাড়ি, পুরাতন বাসস্ট্যান্ড এলাকার আশকবর ভবনের বেশ কিছু ফ্ল্যাট লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।
…বাসাইলসংবাদ/ ০৬ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




