
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে রণজিৎ কুমার পাল (৩০) নামের এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার দুল্যা মুনসুর গ্রামের ব্রিজের নীচ থেকে লাশপি উদ্ধার করা হয়। জড়িত সন্দেহে ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামের সানোয়ার ও আনোয়ার নামের দুই ভাইকে আটক করেছে পুলিশ।

রণজিৎ পাল ঠাকুরগাও জেলার পোশা মন্ডলপাল গ্রামের অতুল পালের ছেলে। তিনি দিশা এনজিও’র সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, রণজিৎ পাল মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো সঞ্চয় ও কিস্তি আদায়ের জন্য বের হন। পরে দুল্যা মুনসুর গ্রামের সানোয়ার ও আনোয়ারের বাড়িতে কিস্তি আদায় করতে যাওয়ার পর থেকে রনজিতের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় বলে ওই এনজিও’র ম্যানেজার রওশন আলম জানান। যোগাযোগ করতে না পেরে দুল্যা মুনসুর গ্রামের সমিতির সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন। বিকেলে চারটার দিকে সানোয়ারের বাড়ির পাশে রণজিৎ পালের বাইসাইকেল ও ব্যাগ পাওয়া যায়। রণজিৎ খবর না পেয়ে সন্ধায় মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়। বুধবার সকালে এলাকাবাসী দুল্যা মুনসুর গ্রামের ব্রিজের নীচে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে গলায় রশি বাঁধা অবস্থায় রণজিৎ পালের মরদেহ উদ্ধার করে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, ব্রীজের নিচ থেকে এনজিও কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুল্যা মুনসুর গ্রামের আকবর হোসেনের দুই ছেলে সানোয়ার হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।




