
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে ধানক্ষেত থেকে পলিমা বেগম (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০২ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধলপুর পশ্চিমপাড়া এলাকার ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত পলিমা বেগম উপজেলার ধলপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্বামী পরিত্যাক্তা ছিলেন। তার দুই মেয়ে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করে। তারা সেখানেই থাকে। নবম শ্রেণিতে পড়য়া এক ছেলেকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন।
কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী বলেন, ‘লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা জানালে আমি পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পলিমা বেগমের দুই মেয়ে ও এক ছেলে। এদের মধ্যে দুই মেয়ে ঢাকায় থাকে। পলিমা তার ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। বেশকিছু দিন আগে ছেলেটি তার বোনের বাসায় ঢাকাতে বেড়াতে যায়। এজন্য পলিমা বাড়িতে একাই থাকতো। সেই সুযোগে কেউ তাকে একা পেয়ে পূর্বশত্রুতার জের ধরে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
ওসি তারিক কামাল বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
বাসাইলসংবাদ/ ০২ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




