
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের দুইদিন পর ধানক্ষেত থেকে নার্গিস আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নেকিবাড়ী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মধুপুর থানার এসআই জোবাইদুল হক এতথ্যটি নিশ্চিত করেছেন। নিহত নার্গিস উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের নেকিবাড়ী গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নার্গিস ৭ম শ্রেণীতে পড়া অবস্থায় পাশের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের বাঘিল-কান্দিপুর গ্রামের সাহাব আলীর ছেলে মনিরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তাদের দুজনের পারিবারিকভাবেই বিয়ে হয়। বিয়ের এক বছরের মধ্যেই তাদের মধ্যে দাম্পত্যকলহ শুরু হয়। এর সূত্র ধরেই প্রায় ৮ মাস আগে নার্গিস স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে আসে। পরে গত বুধবার রাত ১০টা থেকে হঠাৎ করে নার্গিসকে পাওয়া যাচ্ছিল না। দুইদিন পর শুক্রবার বাড়ির পাশের ধান ক্ষেতে তার অর্ধনগ্ন অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মধুপুর থানার এসআই জোবাইদুল হক বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ধর্ষণের পর তাকে হত্যা করে কেউ লাশ ধান ক্ষেতে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’ এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।




