
বাসাইলসংবাদ: বুধবার, ০১ মে, ২০১৯:

নিউজ ডেস্ক: বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-০ গোলে মৌসুমীরা সহজেই হারিয়েছে মঙ্গোলিয়াকে। গোল করেছেন মনিকা, মার্জিয়া ও তহুরা।
আগামী ৩ মে বাংলাদেশ ফাইনাল খেলবে লাওসের বিরুদ্ধে।
শুরু থেকেই মঙ্গোলিয়াকে চাপে রাখে ‘বি’ গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে উঠে আসা বাংলাদেশ।
অনেক সুযোগ নষ্ট করে বাংলাদেশ গোলের দেখা পায় প্রথমার্ধের বাড়িয়ে দেয়া সময়ে। ডি-বক্সের একটু ওপর থেকে মনিকার বাঁ পায়ের ভলিতে বল জালে জড়ালে গ্যালারির হাজারো সমর্থক আনন্দে মেতে ওঠে।
সাজেদার বদলে তহুরা খাতুনকে নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ। ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশের মেয়েরা। মনিকার থ্রু পাস ধরে বাঁ দিক দিয়ে খানিকটা এগিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মার্জিয়া।
চলতি আসরে প্রথম গোল পেলেন এই ফরোয়ার্ড।
৮৫ মিনিটে ডিফেন্ডার শামসুন্নাহারের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে তহুরার শট এক খেলোয়াড়ের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়।
বাসাইলসংবাদ/একেবি




