
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় কলেজছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে মহিউদ্দিন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলার বিরামদী রেলক্রসিং এলাকায় ওই কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা করা হয়।

আটককৃত মহিউদ্দিন ভূঞাপুর পৌরসভার ছাব্বিশা গ্রামের হরমুজ আলীর ছেলে। তবে অপহরণের মূলহোতা ছাত্রলীগ কর্মী রায়হানসহ তার বাকি সহযোগিরা পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পৌরসভার বিরামদী রেলক্রসিং এলাকায় মাইক্রোবাস নিয়ে একদল বখাটে যুবক কলেজছাত্রীকে অপহরণের জন্য ওৎ পেতে থাকে। পরে ওই কলেজছাত্রী বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটেরা তাকে গতিরোধ করে অপহরণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রী ডাক-চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এসময় মহিউদ্দিন নামে এক সহযোগীকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। পরে অপহরণকারী মহিউদ্দিনকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
এদিকে, এই ঘটনা ধামাচাপা দিতে ওই কলেজ ছাত্রীর পরিবারকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
কলেজছাত্রীর বাবা জানান, ছাত্রলীগ নেতা রায়হান এরআগেও মেয়েকে বিভিন্ন সময় উত্যক্ত করতো। সকালে মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণের চেষ্টা করে রায়হান। স্থানীয়রা আমার মেয়েকে উদ্ধার করেছে।
ভূঞাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, অপহরণ করার সময় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাসাইলসংবাদ, ০৯ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




