
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালুর ঘাট দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত ১৫জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিরাজকান্দি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার গ্রুপ ও আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় ইউপি সদস্য নুর আলম মন্ডল (নহু মেম্বার) গ্রুপের লোকজনের সাথে সিরাজকান্দি বাজারে বালু ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দুই গ্রুপের অন্তত ১৫জন আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বলেন, ‘বালুর ঘাটে আধিপত্য বিস্তার করার জন্য দেশীয় অস্ত্রসহ নহু মেম্বার, সাইদ ও বাবুর নেতৃত্বে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের ৮জন কর্মি আহত হয়েছে। এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
ইউপি সদস্য নুর আলম মন্ডল (নহু মেম্বার) বলেন, ‘ইউপি চেয়ারম্যান মতিন সরকারের ভাই মমিন সরকারসহ কয়েকজন মিলে আমার লোকজনের ওপর হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে আমার ৭জন কর্মিকে মারধর করে।’
ওসি রাশিদুল ইসলাম বলেন, ‘উপজেলার সিরাজকান্দি বাজারে বালু ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইগ্রুপের মুখোমুখি অবস্থান নেয়। পরে সেটি সংঘর্ষের রূপ নেয়। এতে ১৫জনের মত আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ বাসাইলসংবাদ/একেবি




