
নিউজ ডেস্ক : কাতার বিশ্বকাপের পরপরই ব্রাজিলের কোচের পদ ছাড়েন তিতে। এখনো পর্যন্ত নতুন কোনো কোচ নিয়োগ দেয়নি দেশটি। গত মার্চে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ রয়টার্সকে বলেছিলেন, ইউরোপিয়ান মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ বস আনচেলত্তিকে পাওয়া গেলে কোচ হিসেবে পছন্দের তালিকায় সবার ওপরে থাকবেন তিনি। এরপর থেকেই ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি, এমন গুঞ্জন জোড়ালো হতে থাকে।

গত বুধবার ম্যানচেস্টার সিটির সঙ্গে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে রিয়ালের বিদায়ের পর সেই গুঞ্জনের পালে আরও জোড়ে হাওয়া লাগে। তাছাড়া রিয়ালকে টপকে এই মৌসুমে লা লিগা চ্যাম্পিয়ন হয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তবে সব ধরনের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আনচেলত্তি। শনিবার ইতালিয়ান এই কোচ জানিয়েছেন, চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গেই থাকবেন তিনি। খবর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে প্রশ্ন করতেই বিরক্ত আনচেলত্তি বলেন, ‘সবাই খুব ভালো করেই আমার পরিস্থিতি জানে। ২০২৪ মৌসুমের শেষ পর্যন্ত আমার (রিয়ালের সঙ্গে) চুক্তি আছে এবং আমি এখানেই থাকতে চাই।’
রিয়াল মাদ্রিদ তাকে ক্লাবটিতে থাকার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে কি না এমন প্রশ্নে ‘হ্যাঁ’ উত্তর দেন আনচেলত্তি। যদিও আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি রিয়াল মাদ্রিদ।
রিয়ালের ২০২২-২৩ মৌসুম কেমন কাটলো এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘মৌসুমটি আরও ভালো হতে পারত, তবে যা হয়েছে সেটিও খারাপ না। অবশ্যই লা লিগা নিয়ে আমরা সন্তুষ্ট না কিন্তু অন্য প্রতিযোগিতাগুলোয় আমরা দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং তিনটি শিরোপা জিতেছি।’ স্প্যানিশ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ইউরোপিয়ান সুপার কাপের কথা বলেছেন ইতালিয়ান এই কোচ।
ব্রাজিলের ফুটবল ফেডারেশন আনচেলত্তির এই বক্তব্য নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। কিন্তু সম্প্রতি সিবিএফ প্রেসিডেন্ট জানিয়েছিলেন, মৌসুম শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ জুন পর্যন্ত অপেক্ষা করবেন তারা। আনচেলত্তির বিকল্প হিসেবে এএস রোমার কোচ হোসে মরিনহো এবং ফেনারবাচের কোচ জর্জে জেসুসের কথাও ভেবে রেখেছেন তারা।
বাসাইলসংবাদ, ২০ মে, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




