
নিউজ ডেস্ক : আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের সপ্তম আসর। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বেশ কয়েকটি ইস্যুতে বনিবনা না হওয়ায় চলতি বছর বোর্ডের তত্ত্বাবধানে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। ফ্র্যাঞ্চাইজি না থাকায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের পারিশ্রমিকের পরিমাণ কমে যাচ্ছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এমনই জানিয়েছেন।

বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারে তিনি বলেন, ‘আগের মতো হবে না এটা (পারিশ্রমিক)। যেহেতু বিসিবি নিজেরা করছে এটা, তাই আগের মতো অত বেশি হবে না, তবে খারাপ হবে না।’ তিনি আরো বলেন, ‘পারিশ্রমিকের ব্যাপারটি এখনই বলছি না, দেখেছি আজকে। তবে এর মধ্যে একটু পরিবর্তন আসতে পারে। এখনই চূড়ান্তটি বলে দেয়ার পরে যদি আবার পরিবর্তন হয়, বেশি কিংবা কম হয়; তাহলে তো সমস্যা। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে, খুব একটা হেরফের নেই। তবে একদম আগের মতো না, একটু কম আছে।’




