
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌর যুবলীগের সভাপতি রাহাত আলম শাওনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ জুলাই) সকালে মারামারি মামলায় বাসাইল পৌর এলাকার শহিদ ক্যাডেট স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাহাত আলম শাওন পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহ আলম ভেবলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার (২৫ জুলাই) বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ফরিদ মিয়া, উপজেলা যুবলীগ নেতা প্রিন্স মাহমুদ বাড়ি ফিরছিলেন। এসময় তারা উপজেলার নথখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে পূর্বশত্রæতার জের ধরে বাসাইল পৌর যুবলীগের সভাপতি রাহাত আলম শাওন ও তার লোকজন ওই ব্রিজের ওপর গাছেরগুলি ফেলে তাদের গতিরোধ করে। এসময় শাওনসহ কয়েকজনে মিলে এলোপাথারিভাবে তাদেরকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় গত ২৮ জুলাই রাতে তোফায়েল হোসেন বেনু বাদী হয়ে শাওনসহ ৭ জনের নাম উল্লেখ করে আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মামলার প্রধান আসামী শাওনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, ‘পুলিশ শাওনকে গ্রেফতার করে আদালতে হাজির করেন। এ সময় টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল বাসাইল আমলী আদালতের বিচারক মিনু খাতুন আসামীকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
বাসাইলসংবাদ/ ৩১ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




