
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে ঋণ খেলাপি’র দায়ে দুই চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। রবিবার (১২ মে) যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বাতিল করেন মির্জাপুর, বাসাইল এবং সখীপুর উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মোহাম্মদ হাই জকী।

মনোনয়নপত্র বাতিলপ্রাপ্তরা হলেন- চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন লাভলু; পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম খান রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাম্মী আক্তার মুক্তি। এদের মধ্যে নুরুল ইসলাম খান রাজু’র হলফনামায় স্বাক্ষর না থাকায় এবং অন্যান্যদের ঋণ খেলাপি’র দায়ে মনোনয়নপত্র বাতিল হয়।
দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, প্রার্থীরা মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন লাভলু বলেন, ‘মাঠ পর্যায়ে অবস্থান ভালো থাকায় ষড়যন্ত্র করে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ব্যাংকে আমার কোনো ঋণ খেলাপি নেই। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আমি আপিল করবো।’
এদিকে, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে সব প্রার্থীরা আপিল করবেন বলে জানা গেছে।
বাসাইলসংবাদ, ১৩ মে, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






