
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে শ্যামলা বেগম নামের এক বৃদ্ধার সেচ মেশিনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) অধিনে টাঙ্গাইলের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ বিদ্যুৎ সংযোগ না দিয়েই বিল খেলাপির দায়ে মামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর হাকিমপুর গ্রামে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- ভূক্তভোগী শ্যামলা বেগমের ছেলে সুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন তালুকদার, স্থানীয় সাবেক ইউপি সদস্য মেহেদী হাসান এলিট, মুক্তিযোদ্ধা আজহার আলী সিকদার, দুলাল হোসেন, আব্দুস সবুর, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান, জাহিদ সিকদার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘২০১৪ সালের শেষের দিকে শ্যামলা বেগম একটি সেচ মেশিনে বিদ্যুৎ সংযোগ আনার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) টাঙ্গাইলের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর অধিনে আবেদন করেন। কিন্তু ওই সময় শ্যামলা বেগমের সেচ মেশিনে সংযোগ দেয়ার জন্য কোনও খুঁটি স্থাপন বা তারও টানানো হয়নি। আর সংযোগও দেয়া হয়নি। কিন্তু আবেদনের প্রায় পাঁচ বছর পর সম্প্রতি শ্যামলা বেগমের নামে এক লাখ ১৪ হাজার ৬শ’ ২৭ টাকা বিদ্যুৎ বিল খেলাপি দেখিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আমরা এ মিথ্যা বিল ও মামলা থেকে শ্যামলা বেগমকে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি।

ভূক্তভোগী শ্যামলা বেগম
প্রসঙ্গত, উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর হাকিমপুর গ্রামের মৃত আব্দুল সবুর মিয়ার স্ত্রী শ্যামলা বেগম সেচ মেশিনে বিদ্যুৎ লাইন নেয়ার জন্য ২০১৪ সালের শেষের দিকে বাসাইল পৌর এলাকার মশিউর রহমান নামের এক ব্যক্তির মাধ্যমে বিদ্যুৎ লাইনের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) টাঙ্গাইলের বিক্রয় ও বিতরণ বিভাগ-১এর অধিনে আবেদন করেন। ওই সময় দাপনাজোর হাকিমপুর, দেউলী ও মুড়াকৈ এলাকার ১২জনের কাছ থেকে সেচ মেশিনে বিদ্যুতের লাইন পাইয়ে দিতে মশিউর রহমান ১১লাখ টাকা নেয়। পরে ২০১৫ সালের প্রথম দিকে তিনি ৯জনের সেচ মেশিনে বিদ্যুৎ সংযোগ দেন। এছাড়া গ্রাহকের নিজ দায়িত্বে বাঁশ ও সিমেন্টের খঁটি ও তার কিনে আরও দুইজন তাদের সেচ মেশিনে সংযোগ নেয়। ওই সময় রহস্যজনক কারণে দূরত্বের অযুহাতে শ্যামলা বেগমের লাইন না দিয়ে সংশ্লিষ্টরা তার লাইন বাতিলের কথা বলে কাজ শেষ করে চলে যায়। আবেদনের প্রায় পাঁচ বছর পর সম্প্রতি শ্যামলা বেগমের নামে এক লাখ ১৪ হাজার ৬শ’ ২৭ টাকা বিদ্যুৎ বিল দেখিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী দফতরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (বিউবো) এর সহকারী প্রকৌশলী মো. সাইমুম শিবলী বাদী হয়ে টাঙ্গাইলের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) বিদ্যুৎ আদালতে মামলাটি দায়ের করেছেন। এ মামলায় আগামী ১৪ সেপ্টেম্বর বিবাদী বৃদ্ধা শ্যামলা বেগমকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।
…বাসাইলসংবাদ/ ৩০ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




