
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নৌকা ডুবে মা-ছেলেসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিন্দু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার জোয়াহের মিয়ার স্ত্রী রুমা বেগম (৩২) ও সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম ও ওরফে শাকিল (২৫)।

স্থানীয়রা জানান, ‘নৌকাটি সখীপুর উপজেলার দাঁড়িয়াপুর থেকে উপজেলার গিলাবাড়ীতে আসছিল। গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এ সময় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা এঘটনায় আরও কেউ নিখোঁজ থাকতে পারে।

নিহতের পরিবারের আহাজারী
টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে- বিলে থাকা বিদ্যুতের তারের সঙ্গে প্রথমে নৌকার মাঝির স্পর্শ লাগে। এরপর অন্যান্যরা তারের সঙ্গে জড়িয়ে পড়ে। এসময় নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আরও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা জানা যায়নি। তারপরও ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।’
…বাসাইলসংবাদ/ ৩১ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




