
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে চার ছাত্রলীগ নেতাকর্মীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার হাবলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার হাবলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ইশরাক আল হোসাইন (২৪), যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ সৌমিক (২০), সদস্য ছাব্বির (২৩) ও সানী (২২)।
আহতদের অভিযোগ, হাবলা ইউনিয়নে বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মী তাদের আধিপত্য বিস্তার করার জন্য বেশ কিছু দিন ধরেই তাদের ওপর হামলা করার চেষ্টা করে আসছে। পরে দুপুরে মোটরসাইকেল নিয়ে সৈয়দ ইশরাক আল হোসাইনসহ চারজন হাবলা বাজারের কাছাকাছি গেলে হঠাৎ হাবলা ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস সবুর মিয়ার নেতৃত্বে ছাত্রদলের নাজমুল, কাউসার, আলী আকবরও সিয়াম তাদের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হয়। বর্তমানে তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম সজিব বলেন, ‘বাসাইল উপজেলার হাবলা থেকে চারজন ছাত্রলীগের কর্মী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ৩ জনের মাথা এবং হাতে দা দ্বারা কুপানোর ফলে জখম হয়েছে।’
উপজেলা ছাত্রলীগের আহবায়ক কামরান খার বিপুল বলেন, ‘চার ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদলের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এঘটনায় তারা চারজনই গুরুতর আহত হয়েছেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ’
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
বাসাইলসংবাদ/ ১৬ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




