
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার কাউলজানী ইউনিয়নের সেহরাইল গ্রামে অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেন রাজীব নামের এক মাটি ব্যবসায়ীকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।

অর্থদণ্ডপ্রাপ্ত তোফাজ্জল হোসেন রাজীব ওই গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া, কাঞ্চনপুর ঢংপাড়া, পৌরসভার বালিনা, বাসাইল দক্ষিণপাড়া, বাসাইল পূর্বপাড়া, হাবলা ইউনিয়নের ভোরপাড়া, ফুলকী ইউনিয়নের খাটরা, বাসাইল সদর ইউনিয়নের মিরিকপুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার মহোৎসব চলছে। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তিরা ফসলী জমি ও নদী থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছে। কেউ দিনে আবার কেউ কেউ রাতে মাটি কেটে বিক্রি করছে। মাঝে মধ্যেই উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ ও জরিমানা করলেও পুনরায় আবার চালু করছে এসব মাটি ব্যবসায়ীরা।
এদিকে, কাউলজানী ইউনিয়নের সেহরাইল গ্রামে ফসলী জমিতে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলেন স্থানীয় তোফাজ্জল হোসেন রাজীব নামের এক ব্যক্তি। পরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় মাটি ব্যবসায়ী তোফাজ্জল হোসেন রাজীবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছে। খবর পেয়ে সেহরাইল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
বাসাইলসংবাদ, ৬ জানুয়ারি, ২০২৫ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






