
নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবসে বাংলাদেশ কৃষিব্যাংক টাঙ্গাইলের বাসাইল শাখায় ঝাড়ুর মধ্যে জাতীয় পতাকা বেধে উত্তোলন করার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে কৃষি ব্যাংকের টপ সিকিউরিটি অভিযুক্ত সুলতান আহমেদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের জেল দেওয়া হয়।

স্থানীয়রা জানান, বাংলাদেশ কৃষি ব্যাংক বাসাইল শাখার টপ সিকিউরিটি সুলতান আহমেদ মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ঝাড়ুর মধ্যে জাতীয় পতাকা বেধে ভবনটির ছাদে উত্তোলন করে। এরপর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। মুহূতের মধ্যে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে ব্যাংকের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি ব্যাংকের ম্যানেজার ছানোয়ার হোসেনকে জানানো হলেও তিনি কোনও কর্ণপাত করেনি। এক পর্যায়ে দুপুরে বাসাইল পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম ঝাড়ুতে উত্তোলনকৃত পতাকা নামিয়ে ফেলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন ও বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে কৃষি ব্যাংকের টপ সিকিউরিটি সুলতান আহমেদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের জেল দেওয়া হয়।
এ বিষয়ে জানতে ব্যাংকটির ম্যানেজার ছানোয়ার হোসেনকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম বলেন, ‘ব্যাংকের কর্মচারী ঝাড়ুতে পতাকা বেধে উত্তোলন করে। পরে বিষয়টি আমাদের নজরে আসে। এক পর্যায়ে আমরা নিজেরাই গিয়ে পতাকাটি নামিয়ে ফেলি। এটি একটি অত্যন্ত ঘৃনিত কাজ। তারা জাতীয় পতাকাকে অবমাননা করেছে। আমরা এমন ঘৃনিত কাজের যথাযথ বিচার দাবী করছি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস বলেন, ‘কৃষি ব্যাংক কর্তৃপক্ষ ঝাড়–র মধ্যে জাতীয় পতাকা বেধে এলোমেলো করে রেখে দেয়। পরে বিষয়টি আমাদের নজরে আসে। এক পর্যায়ে পতাকাটি পুলিশের উপস্থিতে খুলে ফেলা হয়। ৩০ লক্ষ শহীদের রক্তেভেজা এই পতাকার এমন অপমাণ হলে ভবিষ্যতে পতাকা, স্বাধীনতার কোন মূল্যবোধ থাকবে না। এ ঘটনায় কৃষি ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কৃষি ব্যাংকে কর্মরত গার্ডকে আইন অনুসারে ১০ দিনের জেল দেয়া হয়েছে। এছাড়াও ব্যাংকে কর্মরত অন্য সকল কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যাবস্থা গ্রহনের জন্য চিঠি পাঠানো হবে।’
বাসাইলসংবাদ/ ১৬ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




