
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে এক কলেজছাত্রীর দায়ের করা মামলায় বাসাইল উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেছেন আদালত। বিবাহের আশ্বাসে প্ররোচিত করে কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সোমবার (২৩ জানুয়ারি) টাঙ্গাইল সদর থানা আমলী আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা এ আদেশ দেন। ওই কলেজছাত্রীর আইনজীবী মো. রাসেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

মনজুর হোসেন রাজবাড়ীর পাংশা থানার চরঝিকড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে। বর্তমানে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত আছেন।
আদালত ও মামলায় অভিযোগ সূত্রে জানা যায়, মো. মনজুর হোসেন ২০২১ সালে টাঙ্গাইলের বাসাইলে ইউএনও হিসেবে কর্মরত থাকাকালীন সময় ফেসবুকের মাধ্যমে মির্জাপুরের এক কলেজছাত্রীর সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে মনজুর হোসেন বিভিন্ন সময় ওই কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। তাকে নিয়ে ভারতেও বেড়াতে যান। টাঙ্গাইল শহরে বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা একত্রে কয়েক মাস বসবাসও করেন। পরবর্তীতে ওই কলেজছাত্রী বিয়ের জন্য চাপ দিলে মনজুর হোসেন তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ ঘটনায় ২০২২ সালের ২১ জুন ওই কলেজছাত্রী আদালতে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন।
মামলা তদন্ত করে ২০২২ সালের ২৯ ডিসেম্বর পিবিআই আদালতে প্রতিবেদন জমা দেয়। তদন্তে আসামির বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৪৯৩ ধারা (বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে স্বামী-স্ত্রী রূপে সহবাস) অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
আইনজীবী মো. রাসেল রানা বলেন, ‘রবিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। শুনানি শেষে বিচারক সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। যে কোনও সময় তিনি গ্রেপ্তার হতে পারেন।’
বাসাইলসংবাদ, ২৩ জানুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




