
ক্রীড়া ডেস্ক : কাতার বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছেন লিওনেল মেসি। প্রথমবার হারতে হয়েছিল। কিন্তু, এবার তিনি জিততে চান।

এএস ডট কম জানিয়েছে, মেসির মতে, ফাইনালে ওঠার আগেই পাঁচটি ফাইনাল জিতে গিয়েছেন তারা। বাকি আর মাত্র একটি।
বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পরে মেসি বলেছেন, ‘আমরা পাঁচটা ফাইনাল জিতেছি। আশা করছি রবিবার আর একটা ফাইনাল জিতব।’
কিন্তু কেন এমন বলছেন মেসি? কারণ, বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা।
প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তার পর থেকে আর্জেন্টিনার ফুটবলারদের কাছে প্রতিটি ম্যাচ ছিল ফাইনাল।
পর পর পাঁচটি ম্যাচ জিতেছেন তারা। সেই কথাই বলেছেন মেসি।
সৌদির কাছে হার শাপে বর হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচে হার বড় ধাক্কা ছিল। সৌদি আরবের কাছে হারতে হবে ভাবতে পারিনি। সেই ম্যাচের পরে আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করেছি। প্রতিটা ম্যাচ ফাইনাল ভেবে খেলেছি। নিজেদের সেরাটা দিয়েছি। সেই কারণেই ফাইনালে উঠতে পেরেছি।’
দলের সাফল্যের জন্য কোচিং স্টাফদের ধন্যবাদ দিয়েছেন মেসি।
কোচ লিয়োনেল স্কালোনি যেভাবে দলকে সামলেছেন তার প্রশংসা করেছেন তিনি।
মেসি বলেন, ‘আমাদের কোচিং স্টাফদের প্রশংসা করতেই হবে। বিশেষ করে স্কালোনিকে ধন্যবাদ। প্রতিটা ম্যাচ ধরে ধরে ওরা পরিকল্পনা করেছে। তার ফল আমরা পেয়েছি।’
বাকি দলগুলিকে স্রেফ বুদ্ধির জোরে তারা হারিয়েছেন বলে মনে করছেন মেসি। প্রতিপক্ষের খেলা ধরে ফেলে সেই অনুযায়ী পরিকল্পনা করতে পেরেছেন বলেই অন্যদের টেক্কা দিয়েছেন বলে জানিয়েছেন এলএম১০।
তার ভাষ্যমতে, ‘আমাদের দল স্কিলের পাশাপাশি বুদ্ধি কাজে লাগিয়েছে। কখন প্রতিপক্ষকে তাড়া করতে হবে। কখন খেলার গতি একটু কমাতে হবে, সেটাই আসল।’
তারা দলগত ফুটবল খেলার ফসল পেয়েছেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
মেসি বলেন, ‘এই দলের সঙ্গে খেলতে ভাল লাগছে। সবাই সবার জন্য খেলছে। সবার আনন্দ ভাগ করে নিচ্ছে। আমরা যখন মাঠে নামছি তখন আমাদের সঙ্গে আর্জেন্টিনার সমর্থকরাও নামছে। তারা আমাদের জন্য গলা ফাটাচ্ছে। তাদের স্বপ্নপূরণের জন্য খেলছি।’
বাসাইলসংবাদ, ১৫ ডিসেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




