
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১১জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে বিয়ের একদিন পর আহসান হাবীব রোমান (৩০) নামের এক বর তার বউকে রেখে উধাও হওয়ার তিনদিন পর ফিরে এসেছেন। সোমবার (১০ জুন) রাতে তিনি বাড়িতে ফিরেছেন। তিনি উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের মজিবর রহমানের ছেলে। এরআগে তিনি শনিবার (৮ জুন) ওই এলাকা থেকে উধাও হন। বাড়িতে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন রোমানের বাবা মজিবর রহমান। এদিকে ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এঘটনায় রবিবার (৯ জুন) দুপুরে তার পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
মজিবর রহমান বলেন, ‘সোমবার রাতে রোমান বাড়িতে ফিরেছে। কি কারণে সে পালিয়েছিল তা এখনও জানা যায়নি। ছেলের বউ আমাদের বাড়িতেই রয়েছে। রোমান বাড়িতে ফিরে আসার কারণে পরিবারের সবাই অনেক খুশি।’
প্রসঙ্গত, ঈদের দুইদিন পর গত শুক্রবার (৭ জুন) উপজেলার বহুরিয়া চতলবাইদ গ্রামের ফজলুল হক লিটনের মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে আহসান হাবীব রোমানের বিয়ে সম্পন্ন হয়। ওইদিনই কনেকে রোমানের বাড়িতে নিয়ে আসা হয়। পরেরদিন শনিবার (৮ জুন) সকাল থেকে নিখোঁজ হন।
বাসাইলসংবাদ/একেবি




