
নিউজ ডেস্ক : মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর এলাকায় আব্দুল বাকী (৬০) নামে এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার রাত ১২টায় ওই এলাকা লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

আজ রোববার সকালে সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল বাকী ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্য কাইচাইল গ্রামের বাসিন্দা। তিনি সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুর নয়াডাঙ্গী বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় তাবলিগ জামাতে এসেছিলেন।
রুনা লায়লা জানান, গত ২৪ মার্চ থেকে ১২ সদস্যর একটি তাবলিগ জামাতের দল ওই মাদ্রাসায় অবস্থান করছিলেন। এদের মধ্যে আব্দুল বাকীর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি তার এক আত্নীয়র সঙ্গে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) গিয়ে পরীক্ষা করান। পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে তাকে ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রাখা হয়।
তিনি আরও জানান, আব্দুল বাকীর সঙ্গে থাকা অন্যান্য ১১ সদস্য ও স্থানীয় ছয় সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
গতকাল শনিবার রাতে ১২টার দিকে আইইডিসিআর থেকে আব্দুল বাকীর করোনায় আক্রান্তের খবর জানানো হয়। এ ঘটনায় সিংগাইর পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সূত্র- দৈনিক আমাদের সময়
…বাসাইলসংবাদ/ ০৫ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




