
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মেধাবী শিক্ষার্থী মো. রাহাত সিকদার। সোমবার (১৮ আগস্ট) সকালে চীফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

রাহাত সিকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র। তিনি বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের মান্দারজানী গ্রামের সন্তান। ডাকসু নির্বাচনে আশাবাদ ব্যক্ত করে তিনি সকলের দোয়া প্রত্যাশা করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে অংশগ্রহণ করা রাহাত সাংগঠনিক নেতৃত্ব ও শিক্ষার্থীদের অধিকার আন্দোলনে সক্রিয় থাকার কারণে ক্যাম্পাসে তিনি পরিচিত মুখ। তিনি একাধারে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাসাইল, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আল-ইসলামিক সমাজকল্যাণ যুব সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর রাহাত তার ইশতেহার ঘোষণা করেন। তার ইশতেহারের মধ্যে রয়েছে-
১. উন্নত অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা এবং সংখ্যা বাড়িয়ে ৫টিতে উন্নীত করা।
২. নারী শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক হল নির্মাণ এবং দূরের দুটি হল স্থানান্তর।
৩. পরিবেশবান্ধব ও টেকসই গ্রীন ক্যাম্পাস গঠন।
৪. ’৭১ এর চেতনা ও ’২৪ এর স্পিরিট ধারণ করে লেজুড়বৃত্তিক রাজনীতির বিরুদ্ধে অবস্থান।
৫. প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।
৬. মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করা।
শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাসের উন্নয়নকে প্রাধান্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে জানান রাহাত সিকদার।
বাসাইলসংবাদ, ১৮ আগস্ট, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






