
নিউজ ডেস্ক : সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে রপ্তানি না করার শর্তে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার অনুমতি দিয়েছে ভারত। সেরাম থেকে বাংলাদেশের জন্য বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কেনা টিকা পাওয়া নিয়ে তাই তৈরি হয়েছে সংশয়। তবে বাংলাদেশ সঠিক সময়েই টিকা পাবে বলে জানিয়েছে বেক্সিমকো।

এদিকে আশার কথা শোনালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি নিশ্চিত করে না বলতে পারলেও আশা করছেন চুক্তি অনুযায়ী দেশে ভ্যকসিন আসবে। আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারতে ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের কথা শুনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যোগাযোগ করছি। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলেছি। আশা করছ সেরামের সঙ্গে চুক্তি ব্যাহত হবে না। চুক্তি অনুযায়ী আমরা ভ্যাকসিন পাবো। এ নিয়ে চিন্তার কিছু নেই।’
জাহিদ মালেক বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক চুক্তি। আশা করছি ভারত চুক্তির প্রতি সম্মান দেখাবে।’
সাংবাদিকরা এ সময় স্বাস্থ্যমন্ত্রীকে তার আগের বক্তব্য মনে করিয়ে দেন। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিশ্চিত হলে বলতে পারবো। এ সমস্যাটি নতুন করে তৈরি হয়েছে। গতকালও আমরা নিশ্চিত ছিলাম টিকা পাবো। আজ শুনলাম ভারত সরকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।’
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারতকে ভ্যাকসিন দেওয়া বাবদ টাকা পাঠানোর সব কাজ শেষ হয়ে গেছে। আগামীকাল মঙ্গলবার চুক্তি অনুযায়ী অর্ধেক টাকা অর্থাৎ ১২০ মিলিয়ন ডলার পাঠানো হবে।
এ সম্মেলনে পেঁয়াজ নিয়ে ভারতীয়দের নাজেহালের কথা উল্লেখ করে সাংবাদিকরা দেশটির উপর বিশ্বাস রাখা যায় কিনা প্রশ্ন করেন। উত্তরে জাহিদ মালেক বলেন, ‘ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর। কাজেই আমরা ভারতের ওপর বিশ্বাস রাখতে চাই।’
এককভাবে ভারতের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হওয়ার খেসারতের প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘তারপরও আমরা বিশ্বাস রাখতে চাই। এছাড়াও অন্যান্য দেশের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। কাজেই ভ্যাকসিন নিয়ে চিন্তার কিছু নেই।’
গতকাল রোববার ভারতে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনকার করোনা ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা বার্তা সংস্থা এপিতে বলেছেন, কয়েক মাসের জন্য ভ্যাকসিন রপ্তানির অনুমতি দেবে না ভারত। ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র- দৈনিক আমাদের সময়
বাসাইলসংবাদ/ ০৪ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




