
নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী সাত দিনের লকডাউন চলছে। এ লকডাউনকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলার ৫৪টি পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এসব চেকপোস্টে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে সরেজমিনে টাঙ্গাইল শহরের নিরালা মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, আশেকপুর বাইপাস, রাবনা বাইপাস ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কসহ বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায়, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করতে দিচ্ছে না পুলিশ। মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণস্থানে চেকপোস্ট বসানো হয়েছে। লকডাউনে নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষগুলোকে পায়ে হেঁটে যাতায়াত করতে দেখা গেছে। মাঝে মধ্যে শহরের বিভিন্নস্থানে দু’একটি করে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। ওষুধ ও অতি জরুরি পণ্যের দোকান ছাড়া অন্য কোনও দোকান খোলা দেখা যায়নি।
লকডাউনের সার্বিক পরিস্থিতি দেখতে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় শহরের গুরত্বপূর্ণ সড়ক, রাবনা ও আশেকপুর বাইপাসসহ মহাসড়কের বিভিন্নস্থান পরিদর্শন করেন। এসময় পুলিশ সুপার বলেন, ‘সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য টাঙ্গাইল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে ৫৪টি চেকপোস্ট বসানো হয়েছে। পণ্যবাহী যানবাহন ছাড়া অন্য কোন গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না। স্বাস্থ্যবিধি না মানলে জেলা প্রশাসনের সহায়তায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় পুলিশ সুপারের সঙ্গে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রির সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১৪ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




