
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে এক মাদ্রাসা শিক্ষককে অপহরণের ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে র্যাব-১২ সিপিসি-৩-এর টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এতথ্যটি নিশ্চিত করেন। এরআগে সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৩), আব্দুল রাজ্জাক মৃধার ছেলে শাওন মৃধা (২৫) ও কচুয়াডাঙ্গা এলাকার নূর মোহাম্মদ আলীর ছেলে আব্দুল আল মামুন (২০)।
র্যাব কমান্ডার জানান, গত ২১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে ভয় দেখিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড থেকে সাবালিয়া তানযীমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলামকে (৩৮) অপহরণ করে নিয়ে যায়। তার বাড়ি জেলার কালিহাতী উপজেলার ঘড়িয়া গ্রামে। পরে তার বড় ভাই র্যাব অফিসে লিখিত অভিযোগ দেন। এরপর র্যাব অনুসন্ধান শুরু করে। অপহরণকারীরা মুক্তিপণের বিষয়ে দেন দরবার চালায়। বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় র্যাব সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অপহরণকারীরা টের পেয়ে রাবনা বাইপাস এলাকায় শিক্ষককে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায়। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এখন তিনি সুস্থ্য আছেন। এরপর বৃহস্পতিবার সকালে তাদের তিনজনকে আটক করা হয়। এঘটনায় ওই শিক্ষক বিকেলে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
শিক্ষক খায়রুল ইসলাম জানান, অপহরণ চক্রের ৮-১০ জন সদস্য অস্ত্রের মুখে জিম্মি করে তাকে এক নারীর সঙ্গে অশালীন ভিডিও এবং ছবি তুলে রাখে। অনেক মারপিট করেছে এবং মুক্তিপণে জন্য ৫ লাখ টাকা দাবি করে।
বাসাইলসংবাদ/ ২৪ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




