
নিজস্ব প্রতিবেদক : দায়িত্ব পালনের সময় টাঙ্গাইলের কালিহাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিষ্ফোরণে মনসুর রহমান নামের এক পুলিশের উপপরিদর্শক (এসআই) দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে ইউরেনিয়াম পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নেওয়ার সময় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গায় একটি পুরাতন তৃতীয়তলা ভবনে দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে।
আহত মনসুর কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, রূপপুরে পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম সড়কপথে যাচ্ছিল। এসময় মহাসড়কের এলেঙ্গায় উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিনতলার ছাদে দায়িত্ব পালন করছিলেন এসআই মনসুর। এসময় বিল্ডিংয়ের ছাদের পূর্ব পাশে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ৩৩ কেভি তারে আগুন লাগে। এতে আগুনের গোলায় এসআই মনসুরের শরীরে এসে পড়লে শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। এসময় আরেক পুলিশ সদস্য নাজমুল আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তার শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে গেছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
বাসাইলসংবাদ, ১৩ অক্টোবর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




