
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ২৫৪জন করোনা শনাক্ত রোগী হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এতথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার (৭ জুলাই) সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ৬৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৯ দশমিক ৫১ শতাংশ। এই সময়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালসহ বিভিন্নস্থানে করোনায় আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫৭৫ জনে। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৬ জনের।
ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মানার কোনও বিকল্প নেই।’ বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়াসহ সকলকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, ‘হাসপাতালে করোনা ও উপসর্গের রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। আজ ১৩৪জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে করোনা ইউনিটে ৮১জন ও আইসোলেশন ওয়ার্ডে ৫৩জন। গতকালের চেয়ে আজ রোগীর সংখ্যা কমেছে।’
বাসাইলসংবাদ/ ০৮ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




