
বাসাইলসংবাদ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ছবি তুলতে গিয়ে যমুনা নদীতে পড়ে নিখোঁজের দুইদিন পর রাবেয়া (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সকাল ৯ টার দিকে নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি গ্রামের এরশাদ আলী ঈদ উপলক্ষে গত বুধবার (১৪ আগস্ট) বিকালে পরিবারের সদস্যদের নিয়ে ল্যাংড়া বাজার এলাকার যমুনা নদীর তীরে ঘুরতে যায়। এসময় রাবেয়াকে বালুবাহী ভলগেটের ওপর দাঁড় করিয়ে ছবি তুলতে গেলে শিশুটি নদীতে পড়ে যায়। স্রোত বেশি থাকায় পরিবারের সদস্যরা চেষ্টা করেও তাকে উদ্ধার করেত পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় টাঙ্গাইল ও ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা উদ্ধারের চেষ্টা চালালেও অতিরিক্ত বালুবাহী ভলগেট থাকায় ওইদিন রাত ৯ টার দিকে প্রথম দফা উদ্ধার কাজ চালিয়ে ফিরে যায়। বৃহস্পতিবার পূনরায় দ্বিতীয় দিনের মতো তারা উদ্ধার কাজ চালিয়েও ব্যর্থ হয়। নিখোঁজ হওয়ার পর থেকেই লাশের অপেক্ষায় দিনরাত নদীর তীরেই থাকতো তার পরিবারের সদস্যরা। পরে শুক্রবার সকাল ৯ টার দিকে বালুবাহী সেই ভলগেটের পাশে হঠাৎ করেই রাবেয়ার লাশ ভেসে উঠে। পরে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে তার পরিবার। এ ঘটনায় তার পরিবারে মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান আবু বকর সিদ্দিক বলেন, নদীতে কয়েক দফায় উদ্ধার তৎপরতা চালানো হয়। এরপরও শিশুটিকে পাওয়া যায়নি। পরে শিশুটির পরিবারের অনুমতি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে চলে আসে। শুনেছি সকালে শিশুটির লাশ নদীতে ভেসে উঠেছে।
বাসাইলসংবাদ/একেবি




